টানা বর্ষণে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল পানিতে তলিয়ে গেছে। বন্দরের বেশ কিছু শেডে পানি ঢুকে পড়েছে, যেখানে আমদানি-রপ্তানির জন্য রাখা কোটি কোটি টাকার পণ্য পানিতে ভাসছে। সরু ড্রেন ও পানি নিষ্কাশনে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বন্দর ব্যবহারকারীদের অভিযোগ
বন্দর ব্যবহারকারীরা জানান, দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বন্দর শেড ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। ফলে সামান্য বৃষ্টি হলেই আমদানিকৃত মালামাল পানিতে তলিয়ে যায় এবং আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্দরের তিন নম্বর গেটের সামনে পাঁচটি শেডে বিভিন্ন ধরনের মালামাল পানিতে তলিয়েছে।
ক্ষতিপূরণের অভাব
আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট রফিকুল ইসলাম ও আরমান হোসেন বলেন, “পানিতে ক্ষতি হলেও আমদানিকারকরা কোনো ক্ষতিপূরণ পান না। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই।” বেনাপোল বন্দরের ব্যবসায়ী আব্দুল অলিম গণমাধ্যমকে বলেন, “বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। কয়েকটি পণ্যাগারে পানি ঢুকে অনেক আমদানিকারকের লাখ লাখ টাকার মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।”
অবকাঠামোর ঘাটতি
তিনি আরও বলেন, “বন্দরের ভাড়া প্রতিবছর বাড়লেও তারা বন্দরের উন্নয়নে কোনো ভূমিকা নিচ্ছে না। অধিকাংশ অবকাঠামো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া তৈরি হওয়ায় বৃষ্টির সময় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বারবার আশ্বাস দিলেও স্থায়ী সমাধান করা হচ্ছে না।”
বন্দর কর্তৃপক্ষের বক্তব্য
এসব বিষয়ে বেনাপোল স্থল বন্দর উপ-পরিচালক কাজী রতন জানান, বেশকিছু শেডে রাখা মালামাল পানিতে ভিজেছে। পাওয়ার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। তবে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। তিনি আশা করেন, পানি বন্ধ হলে সমস্যা সমাধান হবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে।



