যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা নিহত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা ব্রিস্টি নিহত হয়েছেন, তার পরিবার নিশ্চিত করেছে। তার ভাই জাহিদ হাসান প্রান্ত গণমাধ্যমকে জানান, পুলিশ তাকে জানিয়েছে একটি বাসা থেকে উদ্ধার করা দেহাংশের ডিএনএ পরীক্ষায় তার বোনের মরদেহ শনাক্ত হয়েছে। তিনি বলেন, ‘তারা আমাকে জানিয়েছে ডিএনএ আমার বোনের সঙ্গে মিলেছে। তবে পুরো মরদেহ উদ্ধার হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।’

নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের ১৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তারা হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন।

এর আগে একই মামলায় আরেক নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। হিলসবরো কাউন্টির স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তার মরদেহ পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ নিখোঁজের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘারবেহ নামে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তিনি জামিলের রুমমেট ছিলেন বলে জানা গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

জামিল লিমন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। নাহিদা যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল গবেষণায় নিযুক্ত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ