হামেস রদ্রিগেজ ফিরলেন কলম্বিয়া দলে
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জাদুকরী এক গোলের জন্য বিখ্যাত হয়ে আছেন হামেস রদ্রিগেজ। সেই তারকাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে কলম্বিয়া। অসুস্থতার কারণে মৌসুমে ঠিকমতো খেলতে না পারলেও জায়গা পেয়েছেন কলম্বিয়ার এই অধিনায়ক।
সাবেক রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটন তারকা বর্তমানে মেজর লিগ সকার ক্লাব মিনেসোটা ইউনাইটেডে খেলছেন। তবে চলতি মৌসুমে দলের ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। সব মিলিয়ে মাঠে ছিলেন ১৯৪ মিনিট। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে কলম্বিয়া দলে আছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার লুইস দিয়াজও।
২০২২ কাতার বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর এবার বিশ্বকাপে ফিরছে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে অসুস্থতার লক্ষণ দেখা দিলে রদ্রিগেজকে হাসপাতালে নেওয়া হয়। তীব্র পানিশূন্যতার কারণে তাকে তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম ও যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমে গুজব ছড়ায় যে তিনি র্যাবডোমায়োলাইসিসে আক্রান্ত হয়েছেন। যা পেশি ক্ষয়জনিত এবং প্রাণঘাতী হতে পারে। তবে তার ক্লাব মিনেসোটা ইউনাইটেড এসব দাবি অস্বীকার করেছে।
দলে আরও যারা আছেন
কলম্বিয়ার দলে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের ড্যানিয়েল মুনোজ ও জেফারসন লেরমা। এছাড়া সাবেক আর্সেনাল গোলরক্ষক দাভিদ ওসপিনাও আছেন।
বিশ্বকাপের মূল পর্বে সপ্তমবারের মতো অংশ নিতে যাওয়া কলম্বিয়া ১৭ জুন গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে অভিষেক হতে যাওয়া উজবেকিস্তানের মুখোমুখি হবে। এরপর তাদের প্রতিপক্ষ কঙ্গো ও পর্তুগাল।
কলম্বিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, দাভিদ ওসপিনা
ডিফেন্ডার: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলের দিত্তা, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মোহিকা, দেইভার মাচাদো
মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হেমস রদ্রিগেস, হামিন্তোন কাম্পাস
ফরোয়ার্ড: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ, জন কর্দোবা



