নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নাগরিয়াকান্দি–সংলগ্ন কামারগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ঘটনার বিবরণ
এর আগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই তরুণ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এরপর আজ বিকেলে নিজ এলাকা থেকে ওই তরুণকে আটক করে পুলিশ। আটক মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।
ভিডিওতে যা দেখা যায়
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খালি গায়ে মোহাম্মদ আলী নাগরিয়াকান্দি সেতুর ওপরে একটি কুকুর নিয়ে অবস্থান করছেন। কুকুরের গলায় রশি দিয়ে বাঁধা। রশির অপর প্রান্তে একটি আস্ত ইট বাঁধা। পাশেই দাঁড়িয়ে আছেন নারীসহ তিন ব্যক্তি। এ সময় মোহাম্মদ আলী রশিটির ইটের প্রান্ত পাশে থাকা এক ব্যক্তির হাতে দেন এবং নিজে কুকুরটি তুলে নেন। পরে দুজনই একসঙ্গে কুকুর ও রশি বাঁধা ইট নদীতে ফেলে দেন। নদীতে পড়ার পর কুকুরটি অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে ছিল। একপর্যায়ে কুকুরটি নদীতে ভেসে যেতে থাকে।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও গ্রেপ্তার
আজ সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চোখে পড়ে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের। তাঁর বাড়িও শহরের নাগরিয়াকান্দি এলাকায়। তিনি নিজের কর্মীদের অভিযুক্ত মোহাম্মদ আলীকে ধরে আনতে বলেন। বিকেলে তাঁকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে আসার পর শত শত মানুষের সামনে ‘আমরা মানুষ যেন পশু না হই’ বলিয়ে কান ধরিয়ে ওঠবস করানো হয়। পরে পুলিশকে ঘটনা জানালে উপপরিদর্শক নোমান সাদেকিন ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন।
আইনগত ব্যবস্থা
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক নোমান সাদেকিন বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সময় সঙ্গে থাকা তিন ব্যক্তিকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।



