ফরিদপুর বন্ধুসভার উদ্যোগে দেশীয় ফল নিয়ে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সন্ধ্যায় শহরের দক্ষিণ কালীবাড়ি মহল্লা এলাকার ব্রাহ্ম সমাজ সড়কে অবস্থিত স্থানীয় একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে প্রদর্শিত ফল
উৎসবে আম, জাম, কলা, আনারস, পেয়ারা, কাঁঠাল, সফেদা, লটকন, শসা, তালশাঁস, ডেউয়া, করমচা, পিস ফলসহ নানা মৌসুমি ফল ছিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের রানার পত্রিকার নির্বাহী সম্পাদক সেবানন্দ বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, উপদেষ্টা শিপ্রা গোস্বামী, সমাজকর্মী সাহাদাত হোসেন, ফরিদপুর বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অজয় দাস, ম্যাগাজিন সম্পাদক মাফিকুল ইসলাম, সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সজীব দত্ত, সহসভাপতি মানিক কুণ্ডু, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মিঠুন দাস, সদস্য দেবান্বিতা দাস, তাবাচ্ছুম বুশরা প্রমুখ।
উদ্যোগের উদ্দেশ্য
সাধারণ সম্পাদক সজীব দত্ত বলেন, ‘এ সময় দেশীয় বিভিন্ন ধরনের ফল বাজারে ওঠে। দেশীয় অনেক ফল বিলুপ্ত হতে বসেছে। আমাদের আবহমান বাঙালি সংস্কৃতির সঙ্গে গ্রামবাংলার ফল একাকার হয়ে মিশে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এ কথা সত্য, বর্তমান প্রজন্ম দেশীয় অনেক ফলের নামও ঠিকমতো জানে না। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিত ও তার রসাস্বাদন তুলে ধরার জন্য আমাদের এ উদ্যোগ।’
উৎসবে অংশগ্রহণকারীরা দেশীয় ফলের স্বাদ গ্রহণ করেন এবং তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



