আলফাহোরেস রেসিপি: আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টান্ন ঘরেই বানান
আলফাহোরেস রেসিপি: আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টান্ন

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টান্ন আলফাহোরেস ঘরেই বানানো সম্ভব। নরম বিস্কুটের মাঝে ডুলসে দে লেচের মোলায়েম পুর এই মিষ্টিকে বিশেষ করে তোলে। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

আলফাহোরেস বানাতে লাগবে: ময়দা ১ কাপ (১২৫ গ্রাম), কর্নস্টার্চ ১ কাপ (১২০ গ্রাম), বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, নরম মাখন ১০০ গ্রাম, চিনি আধা কাপ (১০০ গ্রাম), ডিমের কুসুম ২টি, ভ্যানিলা এসেন্স ১ চা–চামচ, লেবুর খোসা কুঁচি ১ চা চামচ (ঐচ্ছিক), ডুলসে দে লেচে ১ কাপ (প্রায় ৩০০ গ্রাম), শুকনো কোরানো নারকেল আধা কাপ ও গুঁড়ো চিনি সামান্য।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে নরম মাখন ও চিনি ফেটিয়ে নিন। রং হবে হালকা এবং টেক্সচার হবে ক্রিমের মতো। এরপর ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স ও লেবুর খোসা কুঁচি মিশিয়ে নিন। শুকনো উপকরণ ধীরে ধীরে যোগ করে নরম ডো তৈরি করুন। ডো ঢেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর ডো আধা সেন্টিমিটার পুরু করে বেলে গোলাকার কাটার দিয়ে ছোট ছোট চাকতির আকারে কেটে নিন। বেকিং ট্রেতে সাজিয়ে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০-১২ মিনিট বেক করুন। বিস্কুটের নিচের অংশ হালকা সোনালি হলে বের করে পুরোপুরি ঠান্ডা করুন।

আলফাহোরেস তৈরি

একটি বিস্কুটের ওপর ১-২ চা চামচ ডুলসে দে লেচে লাগিয়ে নিন। আরেকটি বিস্কুট দিয়ে স্যান্ডউইচের মতো চেপে দিন। পাশের অংশগুলো কোরানো নারকেলে গড়িয়ে নিন। চাইলে ওপরে সামান্য গুঁড়া চিনি ছিটিয়ে পরিবেশন করুন। চা বা কফির সঙ্গে পরিবেশন করুন। নরম, মাখনের স্বাদযুক্ত আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টান্ন এটি। যে পরিমাণ উপকরণ দেওয়া আছে, তাতে ১২-১৫টির মতো আলফাহোরেস বানানো যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডুলসে দে লেচে বানানোর উপায়

ডুলসে দে লেচে বানাতে লাগবে: কনডেন্সড মিল্ক ১ ক্যান। প্রণালি: কনডেন্সড মিল্কের ক্যানটি একটি বড় পাত্রে রাখুন। ক্যানের ওপর অন্তত ২ ইঞ্চি পানি দিয়ে পাত্রটি ঢেকে দিন। পাত্রটি এবার চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে পানি ফোটান। আঁচ কমিয়ে ২ থেকে ৩ ঘণ্টা মৃদু আঁচে রাখুন। ক্যানটি যেন সব সময় পানিতে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখুন। ক্যানটি বের করে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর খুলুন। ভেতরের দুধ ঘন সোনালি রঙের ডুলসে দে লেচেতে পরিণত হবে।