জীবনের পথে মানুষ হতাশা, দুশ্চিন্তা, মানসিক চাপ ও বিষণ্নতার সম্মুখীন হয়। মুমিনের জন্য প্রকৃত প্রশান্তির উৎস আল্লাহর স্মরণ, কুরআনের সান্নিধ্য ও ইবাদত। ইসলাম শুধু আখিরাতের সফলতার পথ দেখায় না, বরং অন্তরের অশান্তি দূর করে হৃদয়ে প্রশান্তি ও আশার আলো জ্বালানোর দিকনির্দেশনা দেয়। কুরআন ও হাদিসের আলোকে ছয়টি কার্যকর আমল হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সহায়ক।
প্রথম আমল: প্রতিদিন কুরআন তিলাওয়াত
প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা উচিত। কুরআন মুমিনের হৃদয়ের জন্য শিফা (আরোগ্য), রহমত ও পথনির্দেশনা। সুরা আল-ইসরায় বলা হয়েছে: 'আমি কুরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত'। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন: 'তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়' (বুখারি ৫০২৭)।
দ্বিতীয় আমল: ইস্তিগফার ও দোয়া ইউনুস
অবিরত ইস্তিগফার ও দোয়া ইউনুস পাঠ অন্তরের ভার লাঘব করে এবং আল্লাহর রহমত লাভের মাধ্যম। দোয়া ইউনুস: 'লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন' (সুরা আল-আম্বিয়া: ৮৭)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: 'কোনো মুসলিম এ দোয়া দ্বারা প্রার্থনা করলে আল্লাহ তার দোয়া কবুল করেন' (তিরমিজি ৩৫০৫)।
তৃতীয় আমল: দরুদ পাঠ
রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ হৃদয়ের প্রশান্তি ও বরকতের উৎস। সুরা আল-আহযাবে বলা হয়েছে: 'নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ কর'। হাদিসে আছে: 'যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন' (মুসলিম ৪০৮)।
চতুর্থ আমল: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
এই জিকির বান্দাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। এটি হৃদয়ের উদ্বেগ কমায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: 'আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারসমূহের একটি ধনের কথা বলব না? তা হলো— লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' (বুখারি ৬৩৮৪, মুসলিম ২৭০৪)।
পঞ্চম আমল: দীর্ঘ সময় দোয়া
অন্তরের সব কথা আল্লাহর কাছে খুলে বলুন। দোয়ার আগে সদকা করলে তা কল্যাণের মাধ্যম। সুরা গাফিরে বলা হয়েছে: 'তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব'। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: 'দোয়াই হলো ইবাদত' (তিরমিজি ২৯৬৯)।
ষষ্ঠ আমল: অধিক জিকির
আল্লাহর জিকির হৃদয়ের খাদ্য। সুরা আর-রাদে বলা হয়েছে: 'জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে'। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: 'যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে স্মরণ করে না— তাদের উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির মতো' (বুখারি ৬৪০৭)।
হতাশা ও দুশ্চিন্তা মানুষের জীবনের স্বাভাবিক পরীক্ষা। মুমিন জানেন, প্রতিটি অন্ধকারের পর আলো ও প্রতিটি কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। কুরআন তিলাওয়াত, ইস্তিগফার, দরুদ, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করলে হৃদয় প্রশান্ত হয়, মন শক্তি পায় এবং জীবনের প্রতি নতুন আশা জাগে। আসুন, দুশ্চিন্তার কাছে হার না মেনে আল্লাহর দিকে ফিরে যাই; প্রকৃত প্রশান্তি কেবল তার স্মরণে। আল্লাহ আমাদের অন্তরের প্রশান্তি, দৃঢ় ঈমান ও তার স্মরণে পরিপূর্ণ জীবন দান করুন। আমিন।



