ইতিহাসের আলোচিত ৬ সাহাবি: রাসুলের ভালোবাসায় নিবেদিত প্রাণ
মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ (সা.)-এর সান্নিধ্য লাভ করা ছিল সাহাবায়ে কেরামের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তারা বিশ্বাস করতেন, আল্লাহর রাসুলের (সা.) একটি নির্দেশ পালন করা কিংবা তার সামান্য সেবাও দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ সফলতার পথ। তাই সাহাবিরা শুধু তার কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণই করেননি, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার খেদমতের মাধ্যমে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন—وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ‘রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো।’ (সুরা আল-হাশর: ৭)
রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি এই আনুগত্য ও ভালোবাসার বাস্তব প্রতিফলন দেখা যায় সেই সৌভাগ্যবান সাহাবিদের জীবনে, যারা ‘খাদেমুর রাসুল’—অর্থাৎ রাসুলের সেবক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। ইতিহাসের আলোচিত এমনই ৬ সাহাবির কথা তুলে ধরা হলো—
১. হজরত আনাস ইবনে মালেক (রা.) — নবীজির সর্বাধিক সময়ের সেবক
মাত্র ১০ বছর বয়সে তার মা উম্মে সুলাইম (রা.) তাকে রাসুলুল্লাহ (সা.)-এর খেদমতের জন্য উৎসর্গ করেন। সেই থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত টানা ১০ বছর তিনি রাসুলের ছায়াসঙ্গী ছিলেন। হজরত আনাস (রা.) নিজেই বলেন—خَدَمْتُ النَّبِيَّ ﷺ عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ قَطُّ ‘আমি দশ বছর রাসুলুল্লাহ (সা.)-এর সেবা করেছি। তিনি কখনো আমাকে ‘উফ’ পর্যন্ত বলেননি।’ (বুখারি ৬০৩৮) নবীজির সান্নিধ্যে থেকে তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিসে পরিণত হন এবং দুই হাজারেরও বেশি হাদিস বর্ণনার সৌভাগ্য অর্জন করেন।
২. হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)— নবীজির পাদুকা ও অজুর পাত্র বহনকারী
তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ, ক্বারি ও মুহাদ্দিস। রাসুলুল্লাহ (সা.)-এর ঘরে তার যাতায়াত এত বেশি ছিল যে অনেকেই তাকে নবী পরিবারের সদস্য মনে করতেন। তার বিশেষ উপাধি ছিল— ‘সাহিবুন নালাইন ওয়াল বিসাদ ওয়াল মিতহারা’। অর্থাৎ রাসুলুল্লাহ (সা.)-এর জুতা, বালিশ এবং অজুর পাত্রের দায়িত্বপ্রাপ্ত খাদেম। জ্ঞান, ইবাদত ও খেদমতের এক অপূর্ব সমন্বয় ছিল তাঁর জীবনে।
৩. হজরত রাবিআ ইবনে কাআব আল-আসলামি (রা.)— জান্নাতে নবীজির সঙ্গ কামনাকারী খাদেম
তিনি ছিলেন আহলে সুফফার অন্তর্ভুক্ত একজন দরিদ্র কিন্তু জ্ঞানপিপাসু সাহাবি। নবীজির অজুর পানি ও প্রয়োজনীয় সামগ্রী বহনের দায়িত্ব পালন করতেন। একদিন রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন—سَلْنِي ‘চাও, কী চাও?’ তিনি জবাব দিলেন—أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ ‘আমি জান্নাতে আপনার সঙ্গ কামনা করি।’ রাসুল (সা.) বললেন—فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ ‘তাহলে অধিক পরিমাণে সিজদা (নফল নামাজ) করে তোমার নিজের ব্যাপারে আমাকে সাহায্য করো।’ (মুসলিম ৪৮৯)
৪. হজরত উকবা ইবনে আমের আল-জুহানি (রা.)— সফরসঙ্গী ও বিশ্বস্ত খাদেম
তিনি কুরআন, ফিকহ, ফারায়েজ ও সাহিত্যে অসাধারণ দক্ষতা থাকা সত্ত্বেও নবীজির খেদমতকে জীবনের অন্যতম সম্মান মনে করতেন। রাসুলুল্লাহ (সা.) যখন সফরে বের হতেন, তখন তার ঘোড়া বা খচ্চরের দেখাশোনা এবং পরিচালনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতেন উকবা (রা.)। তিনি পরবর্তীতে মিসরের অন্যতম আলেম ও গভর্নর হিসেবেও খ্যাতি অর্জন করেন।
৫. হজরত আবুস সামহ (রা.)— নবীজির গোপনীয় সেবার দায়িত্বে
তিনি রাসুলুল্লাহ (সা.)-এর ব্যক্তিগত ও গোপনীয় খেদমতে নিয়োজিত ছিলেন। বিশেষত গোসলের সময় পর্দার ব্যবস্থা করতেন এবং ব্যক্তিগত প্রয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতেন। তাঁর বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিসে শিশু পরিচর্যার শরয়ি বিধান পাওয়া যায়। এই দায়িত্বশীলতা প্রমাণ করে যে, নবীজির খেদমত শুধু বাহ্যিক সেবাই ছিল না; বরং ছিল আমানতদারি, সততা ও বিশ্বস্ততার এক উজ্জ্বল নিদর্শন।
৬. হজরত বুকাইর বিন সুদাখ (রা.)— সততা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত
শৈশব থেকেই তিনি রাসুলুল্লাহ (সা.)-এর ঘরের বিভিন্ন কাজে সহায়তা করতেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজেই নবীজিকে জানালেন যে এখন থেকে তিনি পর্দার বিধান মেনে চলবেন। তার এই আত্মসচেতনতা, সততা ও তাকওয়া দেখে রাসুলুল্লাহ (সা.) তার জন্য বিশেষ বরকতের দোয়া করেন।
খাদেমুর রাসুলদের মর্যাদা সম্পর্কে হাদিস
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ ‘যে ব্যক্তি কোনো কল্যাণের পথে মানুষকে পরিচালিত করে, সে কর্মসম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব লাভ করে।’ (মুসলিম ১৮৯৩)
রাসুলের সেবক সাহাবিরা শুধু খেদমতই করেননি; তাঁরা দ্বীন প্রচার, হাদিস সংরক্ষণ ও ইসলামের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। ফলে তাঁদের অবদান যুগে যুগে মুসলিম উম্মাহর জন্য পথপ্রদর্শক হয়ে আছে।
রাসুলুল্লাহ (সা.)-এর খাদেম সাহাবিদের জীবন আমাদের শেখায় যে প্রকৃত মর্যাদা পদ-পদবি বা সম্পদে নয়; বরং আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য আন্তরিক সেবায় নিহিত। হজরত আনাস (রা.), আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), রাবিআ (রা.), উকবা (রা.), আবুস সামহ (রা.) এবং বুকাইর (রা.)-এর জীবন ছিল ভালোবাসা, আনুগত্য, ত্যাগ ও খেদমতের এক অনন্য দৃষ্টান্ত।
আজকের মুসলিম সমাজ যদি তাদের চরিত্র, দায়িত্ববোধ ও নবীপ্রেম থেকে শিক্ষা গ্রহণ করে, তবে ব্যক্তি, পরিবার ও সমাজে দ্বীনের সৌন্দর্য আরও বিকশিত হবে। রাসুলের প্রতি ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ হলো তার আদর্শ অনুসরণ করা এবং তার শেখানো মানবকল্যাণের পথে নিজেদের নিয়োজিত রাখা।



