কুমিল্লায় লবণবোঝাই একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ৫ জন
এ ঘটনায় কাভার্ডভ্যান মালিক ও চালকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- কাভার্ডভ্যান মালিক সিরাজগঞ্জের শিপন শেখ (৫২), প্রাইভেটকার চালক রুবেল (৩৮), যাত্রী সোহেল রানা (৩৬), কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ (৫২) এবং চালকের সহকারী সুরুজ হোসেন (৩২)।
পুলিশ সুপারের বক্তব্য
বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, চৌদ্দগ্রাম থেকে একটি প্রাইভেটকারযোগে ইয়াবার চালান ঢাকার দিকে যাওয়ার গোপন সংবাদ আসে। এতে ডিবি পুলিশ সদস্যরা সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করে চালক ও আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তারা কাভার্ডভ্যানে লবণ পরিবহণের আড়ালে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটিকে আটক করা হয়।
উদ্ধার অভিযান
কাভার্ডভ্যানটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে গাড়িটির উপরের অংশ কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৮০ লাখ টাকা বলে জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃত মাদক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ সুপার।



