নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালামের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
মৃত আবুল কালাম ওই গ্রামের আবাল হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধন্নায় ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের বক্তব্য
দুর্গাপুর থানার এসআই জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল বলে জেনেছি।
পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে জমি বিরোধের কারণে বড় ভাইয়ের সঙ্গে মনোমালিন্যে ছিলেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।



