প্যারিসে নজরুল জন্মবার্ষিকী: কবি আমাদের জাতিসত্তার প্রবাদপুরুষ
প্যারিসে নজরুল জন্মবার্ষিকী: কবি জাতিসত্তার প্রবাদপুরুষ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

দ্রোহের কবি, প্রাণের কবি

বৃহস্পতিবার (২৮ মে) বিকালে ওবেরভিলিয়ে এলাকার ইস্টিকুটুম রেস্টুরেন্টের হলরুমে ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে প্যারিসের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের জাতিসত্তার প্রবাদপুরুষ। তার সাহিত্য ও দর্শন মানবতা, সাম্য ও ভালোবাসার বার্তা বহন করে। তিনি আরও বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ অতিথির বক্তব্য

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য-সংস্কৃতির চর্চা জোরদার করতে নজরুলচর্চার বিকল্প নেই।

এ ছাড়া বক্তব্য দেন এখলাসুর রহমান, আব্দুল হাকিম, সেলিম আহমদ, মামুনুর রশিদ মামুন, অ্যাডভোকেট মনোয়ার হোসেন পাটোয়ারী, বদরুজ্জামান জামান, শাহ আলম, কবি চৌধুরী রেজাউল হায়দার, জবরুল ইসলাম, সামাদুর রহমান অপু ও আব্দুল কাইয়ুম। শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়নুল হক এবং কুরআন তেলাওয়াত করেন জুয়েল আহমেদ।

সভাপতির ঘোষণা

সভাপতির বক্তব্যে কবি সোহেল আহমদ নজরুলের সঞ্চিতা ফরাসি ভাষায় অনুবাদের উদ্যোগের ঘোষণা দেন। একই সঙ্গে ভবিষ্যতে নজরুল দিবসের পাশাপাশি ঐতিহাসিক পলাশী দিবস উদযাপনের পরিকল্পনার কথাও জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ