বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে নিয়ে দীর্ঘদিন ধরেই বায়োপিক তৈরির আলোচনা চলছে। এবার খবর আসছে, এই প্রকল্পে 'ধুরন্ধর' ছবির নায়িকা সারা অর্জুন মধুবালার চরিত্রে অভিনয় করবেন। আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজিতে 'হামজা'র স্ত্রীর চরিত্রে সবার নজর কেড়েছেন সারা। এই অভিনেত্রীর ঝুলিতে এখন বড়সড় এক প্রকল্প।
দীর্ঘ প্রতীক্ষার পর সম্ভাবনা
প্রকল্পটি আগে একাধিকবার বিলম্বিত হয়েছে, তবে এখন ছবির কাজ এগোনোর সম্ভাবনা রয়েছে। আরও জানা গেছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। ভ্যারাইটি ইন্ডিয়ার মতে, এই আসন্ন ছবির প্রোডাকশন ২০২৬ সালের জুলাই মাসে শুরু হওয়ার কথা। আর্থিক সমস্যার কারণে ছবিটি আগে পিছিয়ে গিয়েছিল। এখন সঞ্জয় লীলা বানসালি প্রযোজক হিসেবে এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন। আশা করা হচ্ছে, এবার আর কোনো বাধা ছাড়াই ছবির কাজ এগোবে।
প্রস্তুতি শুরু
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য সারা অর্জুন নিজের লুকে পরিবর্তন এনেছেন। মধুবালার চরিত্রে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। অন্যদিকে অভিনেতা দিলীপ কুমার ও সংগীতশিল্পী কিশোর কুমারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর জন্য এখনো কাস্টিং চলছে।
একাধিক অভিনেত্রীর নাম
মধুবালার বায়োপিকের জন্য এর আগে একাধিক অভিনেত্রীর নাম উঠে এসেছে। প্রথমে কিয়ারা আদভানিকে মূল চরিত্রে ভাবা হয়েছিল। এরপর যেসব অভিনেত্রীর কাছে এই চরিত্রের প্রস্তাব গিয়েছিল, তাঁদের মধ্যে কল্যাণী প্রিয়দর্শন, শর্বরী বাগ ও অনীত পাড্ডার নামও রয়েছে। তবে এখন পর্যন্ত সারা অর্জুন বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জীবনের নানা দিক
এই নামহীন ছবিতে মধুবালার উজ্জ্বল ক্যারিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন এবং নানা সংগ্রামের কাহিনিও তুলে ধরা হবে। দিলীপ কুমারের সঙ্গে মধুবালার সম্পর্ক থেকে শুরু করে সংগীতশিল্পী কিশোর কুমারের সঙ্গে তাঁর বিয়ে—সব মিলিয়ে অভিনেত্রীর জীবনের উত্থান-পতনের নানা দিক ছবিতে দেখানো হবে।



