বলিউড অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং কোভিড-১৯ লকডাউনের সময় প্রেমে পড়েন। ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা দম্পতি। তাদের বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
জ্যাকি ভাগনানির বক্তব্য
জ্যাকি ভাগনানি বলেন, 'আমরা বিবাহিত, তবে আমাদের সম্পর্ক অনেকটা “সিচুয়েশনশিপ”-এর মতো। এর মানে এই নয় যে আমাদের দায়বদ্ধতা নেই। আমরা একে অপরের প্রতি শতভাগ অনুগত, কিন্তু কোনো বাড়তি প্রত্যাশার চাপ বা বিধিনিষেধ নেই।' তিনি আরও বলেন, 'নতুন প্রজন্ম যেমন সম্পর্কের জটিলতা এড়াতে চায়, তেমনই আমরা একে অপরের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি।'
জ্যাকি জানান, 'যদি আমার কোনো সাবেক প্রেমিকা ফোন করে এবং রাকুল পাশে থাকে, আমি নির্দ্বিধায় স্পিকার ফোনে কথা বলতে পারি। হয়তো সে অস্বস্তিবোধ করবে, কিন্তু আমার লুকানোর কিছু নেই। এতে আমি দমবন্ধ করা সম্পর্কের চাপ অনুভব করি না।'
রাকুল প্রীত সিংয়ের বক্তব্য
রাকুল প্রীত সিং বলেন, 'আমরা সবদিক থেকেই সমান। জ্যাকি ছুটিতে না গেলে আমি মন খারাপ করে বসে থাকি না। আমি একাই ঘুরতে যেতে পারি। অনেক বিয়েতে নারীরা নিজেদের ইচ্ছা বিসর্জন দেন, কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি এবং কাউকে আটকে রাখি না।'



