বিয়ের এক সপ্তাহে মধুচন্দ্রিমায় আমির-গৌরী, সঙ্গে দুই সন্তান
বিয়ের এক সপ্তাহে মধুচন্দ্রিমায় আমির-গৌরী, সঙ্গে সন্তান

বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী গৌরী স্প্র্যাট বিয়ের এক সপ্তাহ না পেরোতেই মধুচন্দ্রিমায় পাড়ি জমিয়েছেন। তবে এই সফরে তারা একা নন; সঙ্গে রয়েছেন তাদের আগের সংসারের দুই সন্তানও। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নবদম্পতি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাদের সঙ্গে গেছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা

জানা গেছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমে ভারতীয় চলচ্চিত্র উৎসবের একটি আয়োজনে অংশ নেবেন আমির। এরপর গৌরী ও দুই সন্তানকে নিয়ে কয়েকদিন ব্যক্তিগত সময় কাটাবেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, এই সফরের উদ্দেশ্য শুধু মধুচন্দ্রিমা নয়, বরং নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোও। বিশেষ করে গৌরীর ছেলে কুইন ও আমিরের ছেলে আজাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে চান অভিনেতা।

বিয়ে ও নতুন ঠিকানা

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন আমির ও গৌরী। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন। এদিকে বিয়ের পর নতুন ঠিকানার প্রস্তুতিও নিচ্ছেন আমির। মুম্বাইয়ের পালি হিলের বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে বসবাস করবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, আমিরের বড় ছেলে জুনায়েদ, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্পর্কের যাত্রা

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান আমির। এরপর চলতি মাসের ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ