সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি পারিবারিক জমি দখল নিয়ে প্রকাশ্যে অভিযোগ এনেছেন। তার চাচা দীর্ঘদিন ধরে তাদের জমি দখলে রেখেছেন বলে দাবি করেছেন তিনি। গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি বিষয়টি সবার সামনে আনেন।
ফেসবুকে ন্যানসির পোস্ট
ভিডিওটির ক্যাপশনে ন্যানসি লেখেন, “নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সাথে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজো চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করে ছিল। আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজী হয়নি!”
পোস্টে তিনি আরও লেখেন, “সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারা দেখুন। আশা করি, এবার ন্যায় বিচার পাব। শীঘ্রই আসবো, ইনশাআল্লাহ।”
আইনি পদক্ষেপ নিয়ে হতাশা
ন্যানসির এই পোস্টে অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও তিনি মামলা করেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুফল পাননি। তার দাবি, ২০২১ সালে তার বাবা করোনাকালে মারা যাওয়ার পর পুরো জমিতে বাউন্ডারি দিয়ে দখল সম্পন্ন করা হয়।
ন্যানসি আরও বলেন, “আমি আইনি পথে গিয়েছিলাম, কিন্তু স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুরাহা হয়নি। এবার জনসমক্ষে এ বিষয়টি তুলে ধরলাম, যাতে ন্যায়বিচার পাই।”
পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ
ন্যানসির পরিবারের সঙ্গে তার চাচার জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তিনি জানান, তার বাবার মৃত্যুর পর চাচা পুরো জমি দখল করে নেন। বর্তমানে ওই জমিতে কী নির্মাণ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ন্যানসি বলেন, “মাদ্রাসা নির্মাণের কথা বলে অন্য কিছু তৈরি করা হচ্ছে, যা আমরা জানতে পেরেছি।”
ন্যানসির এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার দাবি করছেন।



