বলিউড অভিনেত্রী সাবা আজাদ বিরল সংক্রমণে আক্রান্ত, হাসপাতালে ভর্তি
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলিউড অভিনেত্রী সাবা আজাদকে। এক বিরল সংক্রমণে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে তিনি চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন। নিজের সামাজিক মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে সাবা লিখেছেন, এটাই তাঁর জীবনের 'সবচেয়ে খারাপ ১৪ দিন'।
হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট
আজ শুক্রবার ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে তাঁকে বেশ খানিকটা ক্লান্ত দেখায়, অনেকটাই ভেঙেছে চেহারা। ক্যাপশনে সাবা জানান, 'সাইক্লোস্পোরা কায়েটানেনসিস' নামের এক সংক্রমণে তিনি আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, 'আমি সব সময় ঘরের খাবার খাই, নিজের পানীয় জল সঙ্গে রাখি। তবু কোথা থেকে যে এই সংক্রমণ এল, বুঝতেই পারিনি।'
ওজন কমেছে প্রায় চার কেজি
এই সংক্রমণের জেরে মাত্র দুই সপ্তাহে প্রায় চার কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এমনকি হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সাবা জানান, কিছুদিন আগেও তিনি নিয়মিত ব্যায়াম করতেন, ভারী ওজন তুলতেন। কিন্তু হঠাৎ করেই এমন দুর্বল হয়ে পড়েন যে কিছুই করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না, হাঁটতেও পারছিলেন না।
সবার জন্য সতর্কবার্তা
এই অভিজ্ঞতার পর সবাইকে সতর্ক করে দিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে কাঁচা সবজি বা সালাদ খাওয়ার আগে ভালো করে ধোয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, 'নিজের স্বাস্থ্যের জন্য খাবার ভালো করে পরিষ্কার করা অত্যন্ত জরুরি, কখনো কখনো সেটা জীবনমরণ প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।'
হৃতিক রোশনের সমর্থন
এই কঠিন সময় তাঁর পাশে রয়েছেন সাবার প্রেমিক, অভিনেতা হৃতিক রোশন। সাবা জানিয়েছেন, তাঁর মনোবল ভেঙে পড়লেও হৃতিক সব সময় পাশে থেকে তাঁকে হাসানোর চেষ্টা করেছেন এবং মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছেন। ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন হৃতিক ও সাবা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও দুজনই ব্যস্ত। শারীরিক সমস্যার কারণে আপাতত বিশ্রামেই রয়েছেন সাবা আজাদ।



