ঈদুল আজহার ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। জাতীয় চিড়িয়াখানা, দিয়াবাড়ি ও লালবাগ কেল্লায় ঘুরতে আসা মানুষের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।
চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় ঈদের ছুটিতে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। শিশুপার্কে রাইডারে উঠে উচ্ছ্বসিত শিশুদের পাশাপাশি বানরের কৌতুকপূর্ণ আচরণ ও হরিণ দেখতেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জলহস্তীর জলকেলি দেখতেও অনেকে জড়ো হয়েছিলেন।
দিয়াবাড়িতে বিনোদন
ঈদুল আজহার ছুটিতে রাজধানীর দিয়াবাড়িতেও ঘুরতে এসেছেন অনেক দর্শনার্থী। পরিবার ও বন্ধুদের সঙ্গে অবসর সময় উপভোগের পাশাপাশি অনেকে কায়াকিংসহ বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ঈদের ছুটির ঘোরাঘুরিতে মুখর হয়ে উঠেছে দিয়াবাড়ি এলাকা।
লালবাগ কেল্লায় দর্শনার্থী
ঈদের ছুটিতে ঘোরাঘুরির জন্য লালবাগ কেল্লা হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। শিশুদের কোলাহলে মুখর হয়ে ওঠে কেল্লার প্রাঙ্গণ। সবুজ চত্বর ও রঙিন ফুলের মধ্যে শিশুদের নিয়ে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা।



