মায়ের আত্মত্যাগে বেঁচে শিশু আলিফ, পদ্মায় বাসডুবিতে মা-হারা ৯ বছরের ছেলে
পদ্মায় বাসডুবিতে মা-হারা শিশু আলিফ, মায়ের আত্মত্যাগে বেঁচে

মায়ের আত্মত্যাগে বেঁচে শিশু আলিফ, পদ্মায় বাসডুবিতে মা-হারা ৯ বছরের ছেলে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় মা-হারা হয়ে পড়েছে শিশু আলিফ মোল্লা (৯)। গত বুধবার ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয় সে। বাস ডুবে যাওয়ার মুহূর্তে আলিফকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বাইরে বের করে দেন তার মা জোসনা খাতুন, নিজের জীবন দিয়ে বাঁচিয়ে দেন সন্তানকে।

মায়ের শেষ মুহূর্তের ফোনকল

আলিফের নানি শাহিদা বেগমের সঙ্গে গতকাল সোমবার দুপুরে কথা হয়। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে জোসনা বাবার বাড়ি বড় চর বেনিনগরে এসেছিলেন। ছুটি শেষে ২৫ মার্চ বিকেলে শিশুসন্তান আলিফকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। আমি তাঁদের বাসে তুলে দিয়ে বাড়ি ফিরি। কিন্তু আমার বুকের ভিতর কেমন যেন করছিল, মন মানছিল না। কিছুক্ষণ পর মেয়ে জোসনাকে ফোন করলে সে বলছিল, “মা, আলিফ কেমন যেন অনেক শুকিয়ে গেছে। আলিফ শসা খাইতে চাইছে, কিনে দিছি।” এই কথা বলতেই জোসনা চিৎকার করে বলে, “মা, আমাদের গাড়ি গাঙ্গে পড়ে যাচ্ছে।” এরপর আর ফোনে পাইনি। বারবার চেষ্টা করে জোসনার ফোন বন্ধ পাই। পদ্মা নদীতে বাসডুবির খবর পেয়ে ঘাটে গিয়ে আলিফকে পেলেও মাকে পাইনি। অনেক রাতে বাসের ভেতর থেকে আমার মেয়ের লাশ উদ্ধার করা হয়। এ সময় জোসনার হাতে ফোনটি ধরা অবস্থায় ছিল। আলিফকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বের করে দিয়ে নিজেই শেষ হয়ে গেল। এখন আলিফ কিছুক্ষণ পরপর মাকে খুঁজে। আমি নিজে বুঝ নিতে পারছি না, আলিফকে বুঝ দেব কীভাবে।’

শিশু আলিফের বর্ণনা

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শিশু আলিফ মোল্লা বলে, ‘আমি ও আমার মা বাসের ভিতর একসাথে বসেছিলাম। হঠাৎ আমাদের বাসটি নদীর দিকে চলে যায়। বাস ডুবে যাওয়ার সময় মা আমারে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বের করে দেয়। মানুষের চাপাচাপিতে মা বের হতে পারেনি। আমি পানিতে ভাসতেছিলাম, তখন লোকজন গামছা দিয়ে বেঁধে আমারে ওপরে তোলে। আমি আমার মার জন্য অনেক কান্না করছিলাম। মাকে আর খুঁজে পাইনি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের পটভূমি

বাসডুবিতে নিহত জোসনা খাতুন (৩৫) রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের মান্নান মোল্লার সাবেক স্ত্রী। পাঁচ বছর আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর দুই সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন। পরে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি নেন। আলিফ ছাড়াও তাঁদের আরেক ছেলে জিসান মোল্লা (১৮) রয়েছেন, যিনি ঢাকায় একটি কারখানায় টেইলরিংয়ের কাজ শিখছেন।

ভাই জিসানের কষ্ট

আলিফের বড় ভাই জিসান মোল্লা বলেন, ‘বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হওয়ায় ছোটবেলা থেকে অসহায় হয়ে পড়েছি। মা আমাদের জন্য গার্মেন্টসে কাজ নেয়। আমি নিজে একটি টেইলারে কাজ শিখছি। ছোট ভাই আলিফ নানির কাছে থাকত। ঈদের কয়েক মাস আগে মা আলিফকে নবীনগরের একটি মাদ্রাসায় ভৃত্তি করে। মায়ের ইচ্ছা ছিল আলিফকে হাফেজ বানাবে। বাবা থাকতেও নেই, মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল। আমরা দুই ভাই এতিম হয়ে গেলাম। মায়ের ইচ্ছা পূরণ করতে পারি, সেই দোয়া করবেন।’

ঘটনার পরবর্তী অবস্থা

শাহিদা বেগম জানান, কয়েক মাস আগে আলিফকে জোসনার কাছে পাঠিয়েছিলেন তিনি। সেখানে আলিফকে একটি মাদ্রাসায় ভর্তি করেছিলেন জোসনা। ঈদের আগে মায়ের সঙ্গে আলিফ বাড়ি এসেছিল। এখন আলিফ নানি ও ভাইয়ের সঙ্গে থাকছে, কিন্তু মায়ের শূন্যতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই ঘটনা রাজবাড়ী ও আশেপাশের এলাকায় শোকের ছায়া ফেলেছে, অনেকেই মায়ের এই আত্মত্যাগকে শ্রদ্ধা জানাচ্ছেন।