যশোর জেলায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টায় যশোর-নড়াইল রোডের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬)।
অভিযানের বিবরণ
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জব্দকৃত বারের বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইলফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ ও পরবর্তী পদক্ষেপ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিজিবিকে জানিয়েছে, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনারবার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতার তিনজনকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি এই ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে।



