পর্যটকদের জন্য সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। এই উদ্যোগ ভ্রমণপিপাসুদের আকর্ষণ করতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
ভিসা প্রক্রিয়ায় দ্রুততা ও ছাড়
ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। ফলে সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্তমানে দেশটিতে মাত্র ১৩৯ দিরহামে হোটেল রুম পাওয়া যাচ্ছে। এছাড়া ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডেও অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। দ্রুত বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।
ভ্রমণে খরচ সাশ্রয়ের টিপস
খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি টিপস দিয়েছে। পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। গ্রীষ্মকালে অনেক হোটেল পর্যটকদের জন্য নানা ছাড় দেয়। তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দেওয়া উচিত। এতে করে খরচ অনেকটাই বেঁচে যেতে পারে, কারণ ভাড়া বিভিন্ন সময়ে কমবেশি হয়।
পর্যটন বিশেষজ্ঞদের মতামত
ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেল ভাড়া কম এবং দর্শনীয় স্থানে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত ভিসা অনুমোদন এবং আকর্ষণীয় ছাড়ের কারণে আগামী দিনগুলোতে আমিরাতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। স্বল্প বাজেটে আন্তর্জাতিক ভ্রমণের জন্য দুবাই অনেকের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠতে পারে।



