আমাদের দেশের খুব জনপ্রিয় একটি ফল জাম। এই সময় আমরা ভর্তা করে, মেখে বা এমনিতেই মুঠো ভরে পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তারপর এর সবচেয়ে পুষ্টিকর অংশটি দিই ফেলে। এর উপকারিতা আর খাওয়ার পদ্ধতি জানলে আপনি আর কখনোই তা করবেন না। প্রাচীনকাল থেকেই কিন্তু আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে জামের বিচি। বিশেষজ্ঞদের মতে জামের বিচির গুঁড়া বিশেষভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। সেই সঙ্গে এর আছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা। চলুন দেখে নিই এই মৌসুমি ফলের ফেলে দেওয়া অংশটি আমাদের কত উপকার করতে পারে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
জামের বিচিতে থাকা জ্যাম্বোলিন ও জ্যাম্বোসিন নামক সক্রিয় উপাদান রক্তে শর্করার শোষণ ধীর করে এবং শরীরে ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে। জামের বিচির গুড়োয় গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে, ফলে ধীরে ধীরে রক্তে শর্করা ছাড়ে, যা ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ। গ্লুকোসুরিয়া (প্রস্রাবে অতিরিক্ত চিনি) কমাতেও এটি কার্যকর।
শরীরকে ডিটক্স করে
জামের বিচির গুঁড়া একটি ডিটক্সিফায়িং উপাদান, যা শরীরের স্বাভাবিক ঘাম ও প্রস্রাবের প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। এর ফলে শরীর পরিষ্কার ও সতেজ থাকে।
হজমশক্তি উন্নত করে
জামের বিচির গুঁড়া হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি পেটের সমস্যা যেমন গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর।
ত্বকের যত্নে
জামের বিচির গুঁড়া ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের প্রদাহ কমায় এবং ব্রণ দূর করতে সাহায্য করে।
ব্যবহার পদ্ধতি
জামের বিচি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকনো বিচি গুঁড়ো করে একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন সকালে এক চা-চামচ গুঁড়ো পানিতে মিশিয়ে খেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীরা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।



