বলিউডের প্রখ্যাত প্রযোজক পহলাজ নিহলানি লিভার সিরোসিসের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (৪ জুন) মুম্বাইয়ের একটি হাসপাতালে ৭৬ বছর বয়সে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি, তবে সম্প্রতি লিভার সিরোসিস ধরা পড়ে। গত চার মাস ধরে এই রোগে ভুগছিলেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সাবেক চেয়ারম্যান। গত এক মাসে তাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
লিভার সিরোসিস কী?
লিভার বা যকৃত শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি খাবার হজমে, বিষাক্ত উপাদান ছেঁকে বের করতে এবং বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। তবে অতিরিক্ত চর্বি জমা, অ্যালকোহল সেবন বা সংক্রমণের কারণে লিভার বারবার ক্ষতিগ্রস্ত হলে সেখানে ক্ষত বা দাগ তৈরি হয়, যাকে সিরোসিস বলা হয়। এটি লিভারের শেষ পর্যায়ের রোগ হিসেবে বিবেচিত।
লিভার সিরোসিসের লক্ষণ
প্রথম দিকে এই রোগের কোনো লক্ষণ বোঝা যায় না। তবে রোগের তীব্রতা বাড়লে নানা সমস্যা দেখা দেয়। যেমন:
- খিদে কমে যাওয়া এবং প্রচণ্ড ক্লান্তি
- হঠাৎ ওজন কমে যাওয়া
- জন্ডিস (চোখ ও প্রস্রাব হলুদ হওয়া)
- পেট ও পায়ে পানি জমে ফুলে যাওয়া
- শরীরের নানা জায়গায় চুলকানি
- পেটে হালকা অস্বস্তি
- ঘন ঘন সংক্রমণ হওয়া
কেন সতর্ক থাকবেন?
সিরোসিস শুধু লিভারের রোগ নয়, এটি পুরো শরীরের স্বাস্থ্যের অবনতি ঘটায়। রক্ত চলাচল পদ্ধতি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।



