ডেঙ্গু মোকাবিলায় সরকার সবরকমের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গ
স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর বক্তব্য
সভায় মন্ত্রী বলেন, “যেহেতু দু-একজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এ সময়ে ডেঙ্গু হয় তাই আমরা কালক্ষেপণ করতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করা হচ্ছে ডেঙ্গু কর্নার। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে।”
মন্ত্রী আরও বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও এতে সহায়তা করছে। আগামীকাল থেকেই কাজ শুরু হচ্ছে।
প্রশিক্ষণ ও উপকরণ
তিনি জানান, সারাদেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গুর উৎপত্তি নিয়ন্ত্রণ
ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা দুই মাস আগে থেকেই এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে।”
অ্যাপ ও গবেষণা
আজকের সভায় ডেঙ্গু বিষয়ক একটি অ্যাপ চালু করার ব্যাপারে আলোচনা করা হয় এবং ডেঙ্গু বিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।



