জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এবার ৩১টি বিষয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। ৮৮০টি কলেজে স্নাতকে (সম্মান) শিক্ষার্থী ভর্তি করা হবে।
সংবাদ সম্মেলনে ভর্তি তথ্য
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের ভবিষ্যত কর্মপরিকল্পনার কথাও জানান তিনি। যার মধ্যে রয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা, ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু করা, আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে আনা ইত্যাদি।
পরীক্ষার সময় ও পদ্ধতি
এবার সারা দেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হবে। বেলা ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।
আসন সংখ্যা ও আবেদন
উপাচার্য জানান, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজে আবেদন জমা পড়ে ৩ লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।
উপস্থিত ব্যক্তিবর্গ
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম প্রমুখ।
ভর্তি পদ্ধতির পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এসএসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী করা হতো। গত বছর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।



