শিক্ষা মন্ত্রণালয় তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে নতুন প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এম এম হেমায়েত জাহান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্বের অধ্যাপক এবং সহ-উপাচার্যের দায়িত্বে ছিলেন। পৃথক প্রজ্ঞাপনে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক। ২০২৪ সালের অক্টোবর থেকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক মো. শহিদুল ইসলাম। তাঁকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতের অধ্যাপক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ হানিফকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন উপাচার্যদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পরিবর্তনের এই প্রক্রিয়া চলছে।



