শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুদিনের ব্যবধানে একই মাদ্রাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ শিশুদের পরিচয়
নিখোঁজ শিশুরা হলো—উপজেলার পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি, উকিল মিয়ার ছেলে রাব্বানী, মানিক মিয়ার ছেলে তোফায়েল, আব্দুল আওয়ালের ছেলে রাসেল এবং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন।
ঘটনার বিবরণ
জানা গেছে, শনিবার দুপুরে শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানিয়া মাদ্রাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও তিন ছাত্র বাড়ি ফেরেনি। এর আগে ইসরাফিল নামে আরও এক শিশু গত ২৭ মে নিখোঁজ হয়।
স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশের বক্তব্য
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় কয়েকটি সাধারণ ডায়েরি হয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ কাজ করছে।



