নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) রাতে উপজেলার পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন—কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর। তাদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।
ঘটনার বিবরণ
জানা গেছে, নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাগরিবের নামাজের জন্য অজু করার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ওই চার শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জনের বক্তব্য
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, “বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি এখন ভালো আছে।”



