বাড়ি থেকে অনেক দূরে পড়াশোনার উদ্দেশ্যে থাকতে হয়। পরিচিত পরিবেশ, পরিবারের সান্নিধ্য, মায়ের হাতের রান্না—সবকিছু ছেড়ে নতুন শহরে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না। অনেক সময় একাকিত্ব গ্রাস করে, মন খারাপ হয়, বাড়ির কথা খুব মনে পড়ে। কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিদিন বাবার সঙ্গে যোগাযোগ যেন নতুন করে বাঁচার শক্তি দেয়। প্রতিদিন ঠিক রাত নয়টায় ভিডিও কলে কথা হয় আমাদের। কথাগুলো প্রায় একই: ‘কেমন আছ মা?’, ‘খেয়েছ?’, ‘শরীর ঠিক আছে তো?’, ‘মন দিয়ে পড়াশোনা করো’। শুনতে সাধারণ হলেও এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বাবার অগাধ ভালোবাসা, চিন্তা আর দোয়া। সারা দিনের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়।
বাড়ি যাওয়ার পথে বাবার বারবার কল
প্রতিবার বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে বারবার কল আসে বাবার। ঠিকমতো গাড়িতে উঠেছি কি না, কোনো কিছু ফেলে এসেছি কি না—এসব নিয়েই তাঁর দুশ্চিন্তা। তখন বুঝতে পারি একজন বাবার ভালোবাসা কতটা গভীর হতে পারে।
পরীক্ষায় ব্যর্থতায় বাবার সান্ত্বনা
একবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারিনি। অনেক স্বপ্ন ছিল। ফলাফল দেখে ভীষণ ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে ভাবছিলাম, বাবা হয়তো খুব কষ্ট পাবেন বা রাগ করবেন। কিন্তু বাবা সেদিন বাড়ি ফিরলেন আমার প্রিয় আইসক্রিম নিয়ে। আমাকে কাছে ডেকে বসিয়ে খুব শান্তভাবে বললেন, ‘মা, মানুষের কাজ হলো চেষ্টা করে যাওয়া। ফলাফল সব সময় আমাদের হাতে থাকে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তারপর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেব।’ সেদিন বাবার কথাগুলো শুধু আমাকে সান্ত্বনা দেয়নি, নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। আজও কোনো ব্যর্থতা এলে সেই কথাগুলোই আমাকে সাহস জোগায়।
বাবার বই পড়ার অভ্যাস থেকে শিক্ষা
ছোটবেলায় দেখতাম বাবা অবসর সময়ে বই পড়েন। বাবাকে দেখেই আমার বই পড়ার অভ্যাস গড়ে ওঠে, যা আজও সবচেয়ে প্রিয় অভ্যাসগুলোর একটি। জীবনের প্রতিটি ধাপে বাবা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, শিখিয়েছেন কীভাবে এগিয়ে যেতে হয়।
বড় হয়ে বাবার ত্যাগ উপলব্ধি
বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবাকে নতুন করে চিনতে শিখেছি। ছোটবেলায় শুধু দেখতাম বাবা প্রতিদিন কাজে যান, আবার ফিরে আসেন। তখন বুঝতাম না, সেই যাওয়া-আসার পেছনে কত পরিশ্রম, কত দায়িত্ব আর কত ত্যাগ লুকিয়ে আছে। আজ উপলব্ধি করি, আমার সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বাবা নিজের অনেক ইচ্ছা ও স্বপ্নকে পেছনে রেখে দিয়েছেন। কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে, সে জন্য তিনি নীরবে সংগ্রাম করে গেছেন দিনের পর দিন।
বাবার কাছে এখনো ছোট মেয়ে
বাবার কাছে আমি এখনো সেই ছোট্ট মেয়েটিই। একই রকম শাসন, একই রকম আদর আর অফুরন্ত ভালোবাসা। এই ছোট্ট জীবনে বাবা আছেন আমার সবটা জুড়ে। আমার সাহস, আমার ভরসা আর আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম বাবা।
সভাপতি, দিনাজপুর বন্ধুসভা



