বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বগুড়ার জেলা প্রশাসকের নির্দেশে দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা গণশুনানির দিন ধার্য করেন। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য দিয়েছেন।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
বগুড়ার নবসৃষ্ট তিনটি ইউনিয়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নামগুলো পরিবর্তনে জেলা প্রশাসককে গত শুক্রবার বিকালে ফোন দেন। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পৌঁছে। এরপর জেলা প্রশাসকের নির্দেশে রোববার দুপুরে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনটি ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন। তিনটি ইউনিয়নের প্রশাসকদের প্রধান করে নাম পরিবর্তনে কমিটি গঠন করেন। বৈঠকে মঙ্গলবার বেলা ১০টার দিকে গণশুনানির সময় ধার্য করা হয়।
নামকরণের পটভূমি ও বিতর্ক
জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে খুশি করতেই তার দুই ছেলে সীমান্ত ও দিগন্ত এবং পৈতৃক বাড়ি মীরবাড়ীর নামে ইউনিয়নের নামকরণ করা হয়। এছাড়া মোকামতলায় স্বর্ণগ্রাম নামে আরেকটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এখানে অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রীর লন্ডন প্রবাসী ভাতিজির পারিবারিক নাম স্বর্ণ। আর তার নামানুসারে স্বর্ণগ্রাম ইউনিয়ন নামকরণ করা হয়। তবে প্রধানমন্ত্রী শুধু তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন। ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে বগুড়াসহ সারা দেশে হইচই শুরু হয়। প্রতিমন্ত্রী সংসদে আলোচনায় ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে বলেন, তার পৈতৃক বাড়ি ও ছেলেদের নামে নবগঠিত তিনটি ইউনিয়নের নামকরণ ছিল মিরাকল।
গণশুনানির স্থান ও প্রস্তুতি
মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার বেলা ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নিতে সোমবার থেকে এলাকায় মাইকিং এবং মসজিদ, হাটবাজারসহ জনবহুল স্থানে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এলাকার ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের নামে নামকরণের প্রতি গুরুত্ব দেওয়া হবে।
সীমান্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার সৈয়দপুরে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শুনানি গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দিগন্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এলাকাবাসীকে গণশুনানিতে উপস্থিত থেকে সুচিন্তিত প্রস্তাব/মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ইউনিয়নের পুনঃনামকরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পুনঃনামকরণের নীতি
শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির প্রতি গুরুত্ব দিয়ে পুনরায় নামকরণ করা হবে।
পূর্বের নামকরণ প্রক্রিয়া
এর আগে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নির্দেশনা পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নবসৃষ্ট চারটি ইউনিয়নের নামকরণে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের গণশুনানি কমিটি গঠন করেন। এ কমিটি সঠিকভাবে শুনানি না করে স্থানীয় বিএনপি দলীয় নেতাকর্মীদের সুপারিশে শিবগঞ্জে প্রতিমন্ত্রীর পৈতৃকবাড়ির নামে মীরবাড়ী ইউনিয়ন, মোকামতলায় প্রতিমন্ত্রীর ছেলে সীমান্তর নামে সীমান্ত ইউনিয়ন ও অপর ছেলে দিগন্তর নামে দিগন্ত ইউনিয়ন এবং প্রতিমন্ত্রীর লন্ডন প্রবাসী ভাতিজি স্বর্ণর নামে স্বর্ণগ্রাম ইউনিয়নের নামকরণের সুপারিশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে সুপারিশ জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছে। পরে জেলা প্রশাসক ১১ ও ১৪ জুন পৃথক প্রজ্ঞাপনে চারটি ইউনিয়নের নামকরণ করেন। প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি ও সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের বিষয়টি জানাজানি হলে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে।



