বিপ্লব উদ্যানের উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়: চসিক মেয়র
বিপ্লব উদ্যানের উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানের উন্নয়নকাজে কেউ বাধা দিলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর ২ নং গেইট এলাকায় অবস্থিত উদ্যানটির সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ঠিকাদারদের অভিযোগ

পরিদর্শনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আশপাশের কিছু দোকান মালিক উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছেন। এর ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মেয়রের হুঁশিয়ারি

অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর উন্নয়ন কাজ কোনো ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি হতে পারে না। বিপ্লব উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি আমাদের ইতিহাস ও স্মৃতির অংশ। এখানে চলমান উন্নয়ন কাজে কেউ বাধা দিলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, যারা ইচ্ছাকৃতভাবে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে উচ্ছেদসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কাজ থামিয়ে রাখার সুযোগ কারও নেই।

এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ