অনেকেই বলেন, ‘বই পড়ার অভ্যাসটি আর নেই। আগে এক বসায় পুরো বই শেষ করতাম, এখন আর পারি না। আবার শুরু করতে হবে।’ কিন্তু সেই শুরু আর হয় না। কিংবা অনেক দিন পর বই হাতে নিলেও পড়া এগোয় না, মন বসে না। এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কী? কীভাবে ফিরিয়ে আনবেন বই পড়ার অভ্যাস?
সহজ ও ছোট বই দিয়ে শুরু করুন
দীর্ঘদিন বই পড়ার অভ্যাস না থাকলে আবার শুরু করার সময় জটিল বই হাতে নিলে দ্রুত ক্লান্তি আসতে পারে। তাই ছোট কলেবর ও সহজবোধ্য বই বেছে নিন। সবচেয়ে ভালো হয় টানটান উত্তেজনাময় বই, যা পড়তে পড়তে ‘এরপর কী হয়’ জানার আগ্রহ জাগিয়ে রাখে।
প্রতিদিনের জন্য ছোট লক্ষ্য নির্ধারণ করুন
শুরুতে ঘণ্টার পর ঘণ্টা পড়ার পরিকল্পনা না করে ছোট লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য হতে পারে পৃষ্ঠাভিত্তিক বা সময়ভিত্তিক। যেমন, প্রথম দিকে প্রতিদিন ৫-১০ পৃষ্ঠা বা ১৫-২০ মিনিট পড়া। সবচেয়ে ভালো হয় নির্দিষ্ট সময়ে পড়া, যেমন রাতে ঘুমানোর আগে বা সকালে উঠে।
পরিবেশ তৈরি করুন
অভ্যাস থাকলে বাসে, মেট্রোতেও পড়া যায়। তবে দীর্ঘ বিরতির পর পুনরায় শুরু করতে উপযুক্ত পরিবেশ জরুরি। বিক্ষিপ্ত পরিবেশে মনোযোগ ধরে রাখা কঠিন। তাই বই পড়ার জন্য নির্দিষ্ট একটি স্থান নির্ধারণ করুন। পড়ার সময় ফোন দূরে রাখুন বা ‘ডু নট ডিস্টার্ব’ মোডে রাখুন।
‘ভালো লাগছে না’ মানেই বিরতি নয়
ছোট ও সহজ বই দিয়েও শুরু করলে হতে পারে ভালো লাগছে না। তখনই বিরতি না নিয়ে অন্য একটি বই শুরু করতে পারেন। জোর করে অপ্রিয় বই শেষ করার প্রয়োজন নেই।
নিজেকে পুরস্কার দিন
পুরস্কার পেতে সবারই ভালো লাগে। নির্দিষ্ট পৃষ্ঠা পড়ার পর এক কাপ কফি খান বা গান শুনুন। স্টিকি নোটে উপহারের নাম লিখে পৃষ্ঠায় রেখে দিতে পারেন। ছোট লক্ষ্য পূরণে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা পড়ার আগ্রহ বাড়ায়। একটি বই শেষ করে নিজেকে আরেকটি বই উপহার দিন।
রিডিং চ্যালেঞ্জে অংশ নিন
নিজের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিন। যেমন, সপ্তাহে বা মাসে নির্দিষ্ট বই শেষ করার লক্ষ্য। গুডরিডস অ্যাপে বছরে ১২টি বই পড়ার লক্ষ্য সেট করতে পারেন, যা অগ্রগতি ট্র্যাক করে এবং উৎসাহ দেয়।
পাঠচক্রে অংশ নিন
পাঠচক্র বই পড়ার অভ্যাস ধরে রাখতে সাহায্য করে। নির্দিষ্ট বই নিয়ে আলোচনা পাঠকে সমৃদ্ধ করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহর-গ্রামে পাঠচক্রে যোগ দেওয়ার সুযোগ আছে।
রিভিউ লিখুন
বই পড়ার পর নিজের অনুভূতি লিখুন। সামাজিক মাধ্যমে শেয়ার করুন। এতে অন্যরাও আগ্রহী হবে। নিয়মিত লিখলে লেখার দক্ষতা বাড়বে এবং মানসিক প্রশান্তি মিলবে।
অডিও বুক শুনতে পারেন
দীর্ঘক্ষণ চোখ রেখে পড়তে সমস্যা হলে অডিও বুক দারুণ বিকল্প। কাজ বা হাঁটার সময় বই শুনলে কাহিনির প্রতি আগ্রহ বাড়বে, যা পরবর্তীতে হার্ড কপি পড়তে উৎসাহিত করবে।



