চট্টগ্রাম নগরে একটি সরকারি আবাসিক ভবনের লিফটে প্রায় সোয়া এক ঘণ্টা আটকে ছিল ১৫ বছর বয়সী এক কিশোর। পরে জরুরি সেবার সহায়তায় তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সরকারি আবাসিক ভবন ‘হালদায়’ এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরের মা–বাবা দুজনই সরকারি কর্মকর্তা। স্কুল ছুটির পর নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় ছেলেকে খুঁজতে শুরু করেন তার বাবা। একপর্যায়ে ভবনের নিচতলায় একটি লিফট আটকে থাকতে দেখে সন্দেহ হয় তার। বাইরে থেকে ধাক্কা দিলে ভেতর থেকেও সাড়া মেলে। বুঝতে পারেন ভেতরে আটকে আছে কেউ। হয়তো তারই সন্তান। দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এসে কিশোরটিকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের ফায়ার ফাইটার মো. ফারুক হোসেন বলেন, লিফটের কারিগরি ত্রুটির কারণে কিশোরটি আটকে পড়েছিল। বিকেল ৪টার দিকে ৯৯৯–এ ফোন পেয়ে চন্দনপুরা স্টেশনের একটি দল কিশোরকে উদ্ধার করে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ভবনের বাসিন্দা ও কিশোরের পরিবারের অভিযোগ, সরকারি আবাসিক ভবনটিতে দুটি লিফট রয়েছে। লিফট দুটি প্রায়ই নষ্ট হয়ে যায়। লিফটের ভেতরের জরুরি অ্যালার্ম থাকলেও সেটি শোনা যায় না। ভেতরের কেউ আটকে পড়লে কথা বলার জন্য ইন্টারকম নেই। নেই কোনো ফ্যানও। ইন্টারকম থাকলে অন্তত সোয়া এক ঘণ্টা আটকে থাকত না। এসব কারণে তারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দীর্ঘক্ষণ লিফটে আটকে থাকায় কিশোরটি আতঙ্কগ্রস্ত (ট্রমা) হয়ে পড়েছে বলে জানান তার বাবা। তার শ্বাসকষ্টের জটিলতা আছে। ভেতরে ফ্যানও কাজ করেনি। অ্যালার্মের বোতাম টিপলেও সেটিও শোনা যায়নি। এ বিষয়ে সরকারি আবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



