ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর চৌড়াহাঁটি এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক কাঠমিস্ত্রির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। নিখোঁজ ব্যক্তির নাম নারায়ণ সরকার (৫০)। তিনি পেশায় কাঠমিস্ত্রি এবং ঢাকায় কাজ করতেন। তাঁর বাড়ি ওই এলাকায়। তাঁর বাবার নাম নরেশ সরকার।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নারায়ণ সরকার ঢাকা থেকে বাড়িতে আসেন বুধবার (২৭ মে)। পরের দিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি চাচাতো ভাই জগদীশ সরকার ও পার্শ্ববর্তী এলাকার নিতাই শীল ও পরাণ শীলকে নিয়ে বাড়ির অদূরে বড়শি দিয়ে মাছ ধরতে যান। ওই দিন দুপুরের দিকে সবাই বাড়িতে ফিরলেও নারায়ণ সরকার ফিরে আসেননি। প্রাথমিক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মামলা ও গ্রেফতার
ঘটনার চার দিন অতিক্রম হওয়ার পরও নারায়ণ সরকারের কোনো সন্ধান না পেয়ে রোববার নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন তাঁর স্ত্রী চম্পা রানী। পুলিশ সন্দেহজনকভাবে নিখিল রাজবংশী ও জগদীশ সরকারকে গ্রেফতার করেছে। নিখোঁজ নারায়ণ সরকারের চাচাতো ভাই বিনয় সরকার জানান, চারজন মিলে শখের বশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। তিনি আরও জানান, ডাঙ্গার মাছ ধরতে গিয়ে ডাঙ্গার লিজদাতা নিখিল রাজবংশীর সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। তাঁর ধারণা, সেখান থেকেই কিছু একটা ঘটেছে। এখন মামলা হওয়ায় পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশের বক্তব্য
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী গুমের মামলা করেছেন। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।



