সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নদীর স্রোতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় জেলেদের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬নং নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
প্রাণে বেঁচে যাওয়া আরেক শিক্ষার্থী
এ ঘটনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) প্রাণে বেঁচে যান। তারা তিনজনই কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও জেলেদের উদ্ধার তৎপরতা
কাজীপুর থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় মাদ্রাসার তিন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন নদীর তীরে ওঠে আসে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে দুপুরে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



