মুরাদনগরে পিকআপ থেকে নামিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে পিকআপ থেকে নামিয়ে গৃহবধূ হত্যা

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জের ধরে রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে পিকআপ থেকে নামিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার বিবরণ

নিহত গৃহবধূ রাশিদা বেগম মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম ও ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। কিছুদিন আগে রহিম সরকার গ্রুপের একজন সদস্য মাওলা সরকারকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম। মামলার পর থেকে তারা এলাকাছাড়া।

গরু আনতে এসে হামলা

স্ত্রী রাশিদা বেগম তার পালিত ৭টি গরু নেওয়ার জন্য বৃহস্পতিবার এলাকায় আসেন। গরুগুলো পিকআপে করে নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বার গ্রুপের সদস্য সামাদ, রশিদ, শিরিনাসহ ১৫-২০ জন গতিরোধ করে পিকআপ থেকে নামিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার দুই মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে পুলিশের সহায়তায় রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

নিহতের মামা সালাউদ্দিন বলেন, পূর্বশত্রুতার কারণে আমার ভাগ্নিকে পিটিয়ে হত্যা করেছে। তার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করে আহত করেছে।

পুলিশের অবস্থান

বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ