জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩ মে) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের বক্তব্য
আন্দোলনকারীরা বলেন, গত এক সপ্তাহ ধরে জলাবদ্ধতার কারণে শেখেরভিটা এলাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানি জমে থাকার ফলে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে পৌরসভা ও জেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বাধ্য হয়েই তারা রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করেন।
প্রশাসনের আশ্বাস
জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখান এলাকার লোকজন জলাবদ্ধতার জন্য আজকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন অবরোধ করে। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসি। পৌরসভার লোকজনও আসে। তাদের আশ্বাসে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে আন্দোলনকারীরা।



