জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

কবর জিয়ারত শেষে বক্তব্য

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই শহীদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ডিপজলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণতন্ত্রের সংগ্রামের ইতিহাস

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করি না। আমরাই একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে তাঁর দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন তুলতে চাইলে সেটি সমীচীন হবে না।’

জামায়াতের আমিরের বক্তব্যের জবাব

এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ঈদগাহে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার। কিন্তু একদলীয় শাসন এই দেশের মানুষ মেনে নেবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেতু পরিদর্শন

আজ শনিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কালিদাস সাগর নদের ওপর ১২২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান মন্ত্রী। সেতু এলাকা পরিদর্শন শেষে তিনি কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।