শিশু গৃহকর্মী হত্যা: পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার, রিমান্ডে
শিশু গৃহকর্মী হত্যা: প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে শিশু গৃহকর্মী রিক্তা মনিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান (৪৬) ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাত (৪০) গ্রেপ্তার হয়েছেন। পরে তাদের আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধানমন্ডি থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু রিক্তা মনি পারিবারিক অসচ্ছলতার কারণে ঢাকায় পাউবোর ওই প্রকৌশলীর বাসায় গৃহকর্মী হিসেবে আসে। শিশুটির বয়স ছিল ৯ বছর। সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

গত শুক্রবার সকাল ছয়টার দিকে ধানমন্ডির ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শরীরে আঘাতের চিহ্ন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাঁ হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করা হয়। শনিবার শিশুর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড মঞ্জুর

পরে এ মামলায় দুজনকে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ রিমান্ড আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ