ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্সে বিশ্বের তৃতীয় বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার নাম থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্বেগ ও আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, “বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। এনিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হয়ে চিন্তা করা জরুরি।” তিনি পরিবেশ দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই বিষয়ে একেবারেই অজ্ঞ। আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারাও সচেতনতা বৃদ্ধিতে কাজ করাকে পবিত্র দায়িত্ব মনে করতে হবে।”
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সামর্থ্য অনুযায়ী গাছ লাগাতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ইআইইউর তালিকায় ঢাকার অবস্থান
এর আগে ৮ জুলাই বিশ্বের ১৭৩টি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল ঢাকা।



