ইতালিতে ইউনূসের সামাজিক ব্যবসা মডেল বাস্তবায়নে উদ্যোগ
ইতালিতে ইউনূসের সামাজিক ব্যবসা মডেল চালু

ইতালির স্থানীয় সরকার ও রাজনৈতিক নেতাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার অনুষ্ঠিত ওই বৈঠকে ইতালির দক্ষিণাঞ্চলের তিনটি শহরে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা মডেল চালুর লক্ষ্যে একটি নতুন উদ্যোগের যাত্রা শুরু হয়।

বৈঠকে অংশগ্রহণকারীরা

বৈঠকে নেপলসের ফোকাস ফাউন্ডেশনের সভাপতি রাচেল ফুরফারো, ফাউন্ডেশনটির পরিচালক রেনাটো কোয়াগ্লিয়া, সিটি অব পিস ফর চিলড্রেন বাসিলিকাটা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এনজো কারসিও এবং নির্বাহী পরিচালক ভ্যালেরিও জামবেরসিও অংশ নেন। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন সিসিলির আঞ্চলিক পার্লামেন্টের সদস্য, সিলভিও বেরলুসকোনি সরকারের সাবেক মন্ত্রী জানফ্রাঙ্কো মিচিকে।

উদ্যোগের লক্ষ্য ও পরিধি

এই উদ্যোগের মাধ্যমে নেপলস, পোটেঞ্জা ও পালের্মো শহরে নগর পুনরুজ্জীবন এবং টেকসই স্থানীয় উন্নয়নে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসার নীতিমালা প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর লক্ষ্য হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে সরাসরি ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গোষ্ঠীগুলোর দারিদ্র্য ও বঞ্চনা থেকে উত্তরণের বাস্তব ও কার্যকর সুযোগ সৃষ্টি করা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রফেসর ইউনূসের বক্তব্য

বৈঠকে প্রফেসর ইউনূস বলেন, ‘এই উদ্যোগটি সামাজিক উদ্ভাবনের মাধ্যমে নগর-চ্যালেঞ্জ মোকাবিলার একটি নতুন দৃষ্টান্ত।’ ‘প্রকল্পটি শুরু থেকেই এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে এটি একটি পুনরাবৃত্তিযোগ্য মডেল হিসেবে কাজ করতে পারে; যে মডেলটি অন্যান্য শহর ও অঞ্চল নিজেদের প্রয়োজন অনুযায়ী গ্রহণ, পরিমার্জন ও সম্প্রসারিত করতে পারবে’- বলেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাস্তবায়নের সময়সূচি ও নেতৃত্ব

এই উদ্যোগের বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। এর নেতৃত্ব দেবে জেনেরা কনসোর্টিয়াম, যেখানে ফোকাস ফাউন্ডেশন, সিটি অব পিস ফর চিলড্রেন বাসিলিকাটা ফাউন্ডেশন, এনার্গায়া এসআরএল এবং সামাজিক সমবায় প্রতিষ্ঠান ইল স্যালন দি রিফিউটাতি একত্রে কাজ করবে। কাজের সূচনা হবে পোটেঞ্জা শহর থেকে। পরবর্তীতে এটি নেপলসের ঐতিহাসিক কোয়ার্তিয়েরি স্পানিওলি এলাকা এবং পালের্মোর বাল্লারো জেলায় সম্প্রসারিত করা হবে।

প্রকল্পের নেতৃবৃন্দ

বিভিন্ন ক্ষেত্রে গভীর ও প্রয়োজনীয় অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা প্রকল্পটির নেতৃত্বে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম ফোকাস ফাউন্ডেশনের সভাপতি রেচেল ফুরফারো, যিনি কয়েক দশক ধরে শিক্ষা, সংস্কৃতি এবং নগর পুনরুজ্জীবন নিয়ে কাজ করে আসছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত নেপলস সিটি কাউন্সিলের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সাল থেকে তিনি নেপলসের স্প্যানিশ কোয়ার্টারে নগর পুনরুজ্জীবন কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ তাকে ‘Placa de Honor de la Orden del Mérito Civil’ সম্মানে ভূষিত করেন।

ফোকাস ফাউন্ডেশনের পরিচালক রেনাটো কোয়াগ্লিয়া একজন ওইসিডি বিশ্লেষক এবং সাংস্কৃতিক অর্থনীতির অধ্যাপক। তার কর্মজীবন জুড়ে রয়েছে নাপোলি থিয়েটার ফেস্টিভ্যাল ইতালিয়া পরিচালনা এবং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভেনিস বিয়ানালের সাংগঠনিক নেতৃত্বের অভিজ্ঞতা। ফরাসি প্রজাতন্ত্র তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘Chevalier de l'Ordre des Arts et des Lettres’ উপাধি দিয়েছে।

জানফ্রাঙ্কো মিচিকে এই উদ্যোগে তার দীর্ঘদিনের সরকারি কাজ ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এসেছেন। তিনি সিলভিও বেরলুসকোনি সরকারের উন্নয়ন ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় ও আঞ্চলিক— উভয় পর্যায়েই নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি সিসিলির আঞ্চলিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিটি অব পিস ফর চিলড্রেন বাসিলিকাটা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ভ্যালেরিও জামবেরসিও একজন স্থপতি এবং আঞ্চলিক উন্নয়ন বিশেষজ্ঞ। সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা।

ভবিষ্যৎ পরিকল্পনা

উল্লেখ্য, এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে সমন্বিত নগর পুনরুজ্জীবনের ক্ষেত্রে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা কাঠামো প্রয়োগের প্রথম সুসংগঠিত উদ্যোগ। এ উদ্দেশ্যে কৌশলগতভাবে নির্বাচিত তিনটি শহরকে পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। উদ্যোগটির লক্ষ্য হলো এমন একটি কার্যকর মডেল তৈরি করা, যা অন্য অঞ্চলেও প্রয়োগ করা সম্ভব হবে—বিশেষ করে দক্ষিণ ইতালির বাইরে একই ধরনের নগর ও সামাজিক বাস্তবতা সম্পন্ন শহরগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী এই মডেল গ্রহণ ও পরিমার্জন করতে পারবে।