ছিনতাই তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, অস্ত্র লুট ও উদ্ধার
ছিনতাই তদন্তে পুলিশের ওপর হামলা, অস্ত্র লুট ও উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশের একটি শটগান লুট করে নিয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধারের তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার একটি গাছের নিচ থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চৌধুরীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ জানায়, দুর্বৃত্তদের হামলায় বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন আহত হয়েছেন। তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। এসময় পুলিশ সদস্যদের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে বন্দর থানা পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে চার ঘণ্টা পর শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে একই এলাকায় একটি গাছের নিচ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রটি উদ্ধার করে।

ঘটনার বিবরণ

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার রাতে তিনজন যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টহলে থাকা এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিত টের পেয়ে ১০ থেকে ১৫ জন ছিনতাইকারীর দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা করে। এতে কনস্টেবল ফয়সাল ও এএসআই সোহেল রানা গুরুতর জখম হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত পুলিশ ও অস্ত্র উদ্ধার

এই ঘটনায় তিনজনকে আটকের তথ্য জানিয়ে ওসি আরও বলেন, পরে পুলিশের আরেকটি দল হামলার খবর পেয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমে পড়েছে। পুলিশ ইতোমধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্তের জন্য কাজ করছে। লুট হওয়া অস্ত্রটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।