ঢাকার পল্লবীতে রামিসা হত্যার পর এবার একই এলাকা থেকে পাঁচ বছর বয়সি শিশু ইব্রাহিম নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) পল্লবী থানায় এ বিষয়ে মামলা হয়েছে। শিশুটির পরিবার বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছে। তবে পুলিশ বলছে, এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার বিবরণ
ইব্রাহিমের বাবা ফুসকা বিক্রেতা। তিন সন্তানের মধ্যে ইব্রাহিম সবার ছোট। প্রতিদিনের মতো ঘটনার দিনও বাসার সামনে খেলছিল সে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা ২১ মিনিটে হঠাৎ তাকে বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তার পেছনে পেছনে এক ব্যক্তিও ভেতরে যায়। কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিমের চিত্কার শোনা যায়। এর কয়েক মিনিট পর ওই ব্যক্তিকে তড়িঘড়ি করে বের হতে দেখা যায়। কিন্তু ইব্রাহিমের আর কোনো সন্ধান মেলেনি।
পরিবারের অভিযোগ
ইব্রাহিমের পরিবার দীর্ঘ ১০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছে। এলাকাবাসীর সঙ্গে তাদের কোনো ঝগড়া বা মনোমালিন্য নেই। তবে তাদের অভিযোগ, বাড়িওয়ালার দুই ছেলে মাদকাসক্ত এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তারা পরিকল্পিতভাবে এই অপহরণ ঘটিয়েছে বলে সন্দেহ। ইব্রাহিমের বাবা বলেন, 'আমরা এখানে ১০ বছর ধরে আছি। কারো সঙ্গে শত্রুতা নেই। বাড়িওয়ালার দুই ছেলে নেশা আর অনলাইন জুয়া খেলেন। টাকার জন্যই তারা আমার সন্তানকে আটকে রেখেছে।'
পুলিশের বক্তব্য
পল্লবী থানার পরির্দশক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, 'আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। তবে পরিবার আমাদের কাছে বাড়িওয়ালার ছেলেদের বিষয়ে কোনো অভিযোগ করেনি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।'
রহস্যের জাল
শিশুটির বাড়ি রামিসার ভবন থেকে মাত্র তিন গলি দূরে। বাড়ির ছাদে সবাইকে যেতে দেওয়া হয় না। ঘটনার সময় ছাদটি তালাবদ্ধ ছিল এবং চাবি বাড়ির মালিকের কাছে থাকে। এত অল্প সময়ে শিশুটি কোথায় উধাও হলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।



