ছাত্রলীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা, গ্রেফতার ৩
ছাত্রলীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

ঝিনাইদহ জেলা শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এই ঘটনার পর জেলাজুড়ে পুলিশের বিভিন্ন ইউনিটের চালানো বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা

গ্রেফতাররা হলেন— সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবের ছেলে ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুরের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান সোহেল ও সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক।

মিছিল ও মামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর ওই দিন দুপুরেই ঝিনাইদহ সদর থানার এসআই রাজীব আলী বাদী হয়ে একটি মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার উল্লেখযোগ্য আসামি

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, মেহেদী হাসান সোহেল, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মাহাতাসিন বিল্লাহ জিসান, রাশেদুল হাসান সোহান, ফজলে রাব্বি অনু, বিশ্বাস হাদিউজ্জামান, নিলয় ফারহান দীঘল, আল মাইমুন সংগ্রাম, শেখ সাদী, সেলিম হোসেন, মিশন আক্তার, মেহেদী হাসান সৈকত, বিএম রকিবুল করীম, রবিউল ইসলাম রাব্বি ওরফে অর্ক, ইমরাজ আহম্মেদ, আসিফ হোসেন, আসাদ হোসেন, রানা মিয়া, আবু রেহান কাজল, সানি, সৈয়দ শাহরিয়ার ও আবিদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও আদালত

মামলার পর সোমবার দিবাগত রাতে জেলাজুড়ে সাঁড়াশি অভিযানে নামে পুলিশের একাধিক ইউনিট। জেলার বিভিন্ন এলাকায় চালানো এই চিরুনি অভিযানে এজাহারনামীয় আসামি ফারহান নিলয় দীঘল, মেহেদী হাসান সোহেল ও আশিককে আটক করা হয়। পরে মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদেরকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিঘ্ন ঘটানোর উদ্দেশে এই ঝটিকা মিছিল করেছিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।