যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তিতে লেবাননে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের শর্ত রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হলেও তা উপেক্ষা করে লেবানন জুড়ে একযোগে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৫ জুন) লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই সামরিক অভিযানের খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
হামলার বিবরণ
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বিবরণ অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়েছে এবং কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই ড্রোন হামলায় বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহ আল-ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলন্দাজ বা কামান থেকে চর্তুমুখী শেলবর্ষণ করেছে।
সড়কে বিস্ফোরণ
লেবাননের জাতীয় বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস-তিবনিক সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক বোঝাই এম১১৩ সাঁজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলের অবস্থান
ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ দেশটির নির্ভরযোগ্য সূত্রের বরাতে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিতে লেবানন সংক্রান্ত যে সমস্ত ধারা বা শর্ত রয়েছে তা মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয়।
সূত্র: মিডল ইস্ট আই



