বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মঙ্গলবার সকালে ভূমিমাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-১ রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা ছিলেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রেজু আমতলী সীমান্ত ফাঁড়ি সংলগ্ন ৪০ নম্বর সীমান্ত পিলারের কাছে গেলে একটি ভূমিমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের পদক্ষেপ
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার পরপরই ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



