ফিলিস্তিন বিশেষ দূত আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিন বিশেষ দূত আলবানিজের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একজন ফেডারেল বিচারক নিষেধাজ্ঞাগুলো তার মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত এলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া

বুধবার (২০ মে) মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত আপডেটে ‘আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার’ শিরোনামের অধীনে আলবানিজের নাম তালিকাভুক্ত করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রিচার্ড লিয়ন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ফেব্রুয়ারিতে আলবানেজের স্বামী ও মেয়ে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন তিনি। মামলায় বলা হয়, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসমক্ষে কথা বলার শাস্তি হিসেবে আলবানেজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

বিচারকের পর্যবেক্ষণ

বিচারক লিওন তার পর্যবেক্ষণে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতিসংঘের এই বিশেষজ্ঞের ব্যক্ত করা বার্তার কারণে তার বক্তব্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। এর আগে ট্রাম্প প্রশাসন আলবানিজের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড’ এবং ‘ল-ফেয়ার’ বা আইনি যুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সুপারিশও ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলবানিজের প্রতিক্রিয়া

বুধবারের এই ঘোষণার পর আলবানিজ তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে এর আগে তিনি বলেছিলেন, এই নিষেধাজ্ঞা ছিল তার মিশনকে দুর্বল করার জন্য পরিকল্পিত। গত সপ্তাহে বিচারকের ইনজাংশন জারির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এটিকে স্বাগত জানান এবং তার পক্ষে দাঁড়ানোর জন্য তার স্বামী ও মেয়েসহ সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান।

নিষেধাজ্ঞার পটভূমি

গত জুলাই মাসে ফ্রান্সেসকা আলবানিজ একটি প্রতিবেদন প্রকাশ করার পর মার্কিন ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই প্রতিবেদনে তিনি গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধে মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং আমাজনের মতো মার্কিন টেক জায়ান্টসহ ৪৮টি প্রতিষ্ঠানের জড়িত থাকার অভিযোগ এনেছিলেন।