জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বিগত দুই বছরেও সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। শুধু সংসদে বক্তব্য বা আশ্বাস দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, কথার সঙ্গে কাজের বাস্তব প্রতিফলন থাকতে হবে।
পথসভায় বক্তব্য
বৃহস্পতিবার বিকাল ৬টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে উপজেলা এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ সংকট ও লোডশেডিং
সারজিস আলম অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে সংসদে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং না থাকার দাবি করা হলেও বাস্তবে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণ প্রতিদিন বিদ্যুৎ সমস্যার ভোগান্তির শিকার হচ্ছে।
বেকারত্ব ও কর্মসংস্থান
তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক যুবক এখনো বেকার। কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার বাস্তবায়ন দৃশ্যমান নয়।
ঢাকাকেন্দ্রিক রাজনীতির সমালোচনা
এনসিপির এই নেতা বলেন, ঢাকাকেন্দ্রিক রাজনীতি দিয়ে দেশের মানুষের প্রকৃত চাওয়া-পাওয়া পূরণ সম্ভব নয়। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। একটি গণতান্ত্রিক, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রশাসন ও সীমান্ত নিরাপত্তা
পুলিশ প্রশাসনের উদ্দেশে সারজিস আলম বলেন, অতীতে স্বৈরাচারী সরকার প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। ভবিষ্যতে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবিকে আরও কার্যকর ও সক্ষম করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ সরকারের গ্রহণ করা উচিত।
অন্যান্য বক্তা ও পদযাত্রা
পথসভায় আরও বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ ও মাহিন সরকার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ আদনান, সিরাজগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন এবং উল্লাপাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক রিফাত বিন জামানসহ স্থানীয় নেতারা। এর আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করেন।



