জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই ধার্য করা হয়েছে।
আদালতে হাজির ও কারাগারে প্রেরণ
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন।
পূর্বের গ্রেফতার ও রাজনৈতিক পটভূমি
এর আগে, গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) থেকে নির্বাচিত হন নূর মোহাম্মদ। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।



