ফ্রান্স vs মরক্কো: অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে কে?
ফ্রান্স vs মরক্কো: অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাস

৪৮ দলের বিশ্বকাপের দীর্ঘ পথ পেরিয়ে শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। শেষ চারে জায়গা নিশ্চিত করার লড়াই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল দিয়ে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ফ্রান্স এবং আফ্রিকার প্রতিনিধি মরক্কো। জয়ী দল পাবে সেমিফাইনালের টিকিট, আর পরাজিত দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে।

ম্যাচের সময় ও স্থান

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও পরিসংখ্যান ও পূর্বাভাসে কিছুটা এগিয়ে রয়েছে ফ্রান্স।

অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাস

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান 'অপ্টা সুপারকম্পিউটার' ম্যাচটির সম্ভাব্য ফল নির্ধারণে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ। মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬ দশমিক ২ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২ দশমিক ১ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হেড টু হেড পরিসংখ্যান

অতীতের পরিসংখ্যানও ফরাসিদের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, বাকি দুটি ড্র হয়েছে। মরক্কো এখনও ফরাসিদের বিপক্ষে কোনো জয় তুলে নিতে পারেনি। বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালের কাতার আসরের সেমিফাইনালে। সেই ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স।

চমকের সম্ভাবনা

তবে বিশ্বকাপের নকআউট পর্বে কাগজে-কলমের হিসাব অনেক সময়ই মাঠে মিলতে দেখা যায় না। এবারের আসরেও একাধিক চমক দেখিয়েছে তুলনামূলক কম শক্তির দলগুলো। মরক্কোও ধারাবাহিক ভালো ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে জয় পেতে হলে ফ্রান্সকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্যই দেখাতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলের লক্ষ্য

চার বছর আগের সেই পরাজয়ের স্মৃতি পেছনে ফেলে এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরক্কো। অন্যদিকে অভিজ্ঞতা ও পরিসংখ্যানের সুবিধা কাজে লাগিয়ে শেষ চার নিশ্চিত করতে চাইবে ফ্রান্স। সব মিলিয়ে বোস্টনে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।