জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাজেট নিয়ে কোনো মন্তব্য করেননি। বক্তৃতার জন্য নির্ধারিত সাত মিনিটের মধ্যে তিনি মূলত নিজ দল বিএনপি, দলের নেতা এবং নিজ নির্বাচনী এলাকার বিষয়ে কথা বলেন।
সময় শেষে স্পিকারের মন্তব্য
নির্ধারিত সময় শেষ হলে সুলতান মাহমুদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আরও সময় চান। তখন স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। দুই মিনিটে আপনার বক্তব্য শেষ করুন।’ পরে সুলতান মাহমুদ দাবি করেন, তার এলাকার মানুষ তাকে তিনবার সংসদে পাঠিয়েছে এবং তারা উন্নয়ন চায়। তিনি ৭১ বিধিতে এবং পরে সময় পেলে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন বলে জানান।
সংসদ টিভিতে নাম দেখানোর নির্দেশনা
আজ দিনের কার্যক্রম শুরুর সময় স্পিকার বিশেষ অধিকার সংক্রান্ত দুটি নোটিশ নিষ্পত্তি করেন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমানের একটি নোটিশে বলা হয়, সংসদ সদস্যদের একে অপরের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন; চার মাস পেরিয়ে গেলেও অনেকের নাম ও এলাকা জানা যায়নি। টেলিভিশনে সংসদ কার্যক্রমের ছবি ও বক্তৃতা দেখানো হয়, কিন্তু নাম ও এলাকা দেখা যায় না। তিনি দাবি করেন, দৃশ্য প্রচারের সময় টেলিভিশন স্ক্রিনে নাম ও এলাকা ভেসে উঠলে পরিচিতি সহজ হবে। স্পিকার বিষয়টি যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন এবং সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তবে তিনি স্পষ্ট করেন, বিষয়টি সংসদ সদস্যের বিশেষ অধিকারের নয়, বরং সংসদ সচিবালয়–সম্পর্কিত। তাই নোটিশটি গ্রহণ করা হয়নি।



